সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত বিশ্ববরেণ্য সুফী-সাধক, শিক্ষা ও সমাজ সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)-এর স্মৃতিধন্য প্রতিষ্ঠান ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন’-এর নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ২০২৬-২৭ দুই বছর মেয়াদী এই পরিষদে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এ.এইচ.এম মাহফুজুল হক সভাপতি, ডা. মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইউনুস আলী অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সভায় মিশনের নীতি-নির্ধারক, আজীবন সদস্য, সাধারণ সদস্য এবং হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.)-এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী দুই বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠন করা হয়। নতুন এই কমিটি গঠনের মূল লক্ষ্য হলো হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.)-এর আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং মিশনের বহুমুখী মানবকল্যাণমূলক কর্মকান্ডকে আরও বেগবান করা। সভায় উপস্থিত সদস্যবৃন্দ নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং মিশনের ঐতিহ্য রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।