তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছামিউল ইসলাম মনির। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট, উদয়ন বাংলাদেশ, গণচেতনা ফাউন্ডেশন, সুন্দরবন ফাউন্ডেশন, মিডা ও মৌমাছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, শিক্ষক জাহিদ হাসান, সাদিকুর রহমান এবং মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমান।
সভায় জানানো হয়, সম্প্রতি সাতক্ষীরা জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে দেশের আরও ৩০টি জেলার তথ্য সংগ্রহ করে জেলা ভিত্তিক রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে জেলার বিভিন্ন পাবলিক প্লেস, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টসহ দৃশ্যমান স্থানে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়।
পর্যালোচনা সভা থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও লঙ্ঘনের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে তুলনামূলক সফল জেলাগুলোর অভিজ্ঞতা অনুসরণ করে দুর্বল জেলাগুলোর অবস্থার উন্নয়নে পৃথক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।